সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠনের পর ২৭ জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বাকি ৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এরপর মামলার ৪৩ সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
সকাল ৮টা ৪০ মিনিটে বিচার কাজ শুরু হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় সিলেট কারাগার থেকে অভিযুক্ত বিডিআর জওয়ানদের আনা হয় বিশেষ আদালতে।
মামলার প্রসিকিউটর ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের পর প্রসিকিউটর আদালতে সাক্ষীদের উপস্থাপন করেন।
মামলার বাদি সুবেদার মেজর এ কে এম মিনহাজ উদ্দিন ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিনসহ আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত বিচার কাজ চলে। এর পর আদালত মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর কুমিল−া সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেনেন্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
বিচার কাজ শেষে মামলার প্রসিকিউটর সাংবাদিকদের জানান, গত ১৯ অক্টোবর ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ বিডিআর জওয়ানের বিচার কাজ শুরু হয়। পরদিন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি শেষে আদালত ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন মারা যান। পরদিন বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কয়েকজন জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিডিআর আইনে বিদ্রোহের বিচারে সরকার ওই বছরই বিশেষ আদালত গঠন করে। বিশেষ আদালতগুলোতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার কাজ চলছে। এরমধ্যে কয়েকটি মামলার রায়ও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24