২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: সিগনাল সেক্টরের একজনের দোষ স্বীকার

পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সিগনাল সেক্টরের ১৮৭ জন আসামির মধ্যে মাত্র একজন দোষ স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সিগনাল সেক্টরের ১৮৭ জন আসামির মধ্যে মাত্র একজন দোষ স্বীকার করেছেন। পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮ এ রোববার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সোমবার সকাল ৯টার দিকে আদালত শুরুর পর তাদের কাছে আলাদা আলাদাভাবে জানতে চাওয়া হয়- তারা দোষী কি না। জবাবে তাদের মধ্যে শুধু ল্যান্স নায়েক ইমরান আলী দোষ স্বীকার করেন। দুপুর পৌনে ১টার দিকে আদালত আগামী ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সেদিন মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা হওয়ার কথা রয়েছে। আদালতপ্রধান হিসেবে ছিলেন বিডিআরের উপমহাপরিচালক ওবাইদুল হক। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক এবং মেজর জাহিদুর রহমান খান। আইনগত সহায়তা দেন অ্যাটর্নি জেনারেলের পক্ষে ভীষ্মদেব। রোববার সকালে এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর মেজর আহসান হাবিব আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর দুপুর ১২টায় আদালতপ্রধান সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির সময় প্রসিকিউটর মেজর আহসান হাবিব বলেন, সিগন্যাল সেক্টরের শুধুমাত্র একজন কর্তব্যরত ব্যক্তিও যদি ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি বিদ্রোহের শুরুতেই এ সংক্রান্ত তথ্য যথাসময়ে পিলখানার বাইরে জানিয়ে দিত তাহলে হয়তো এ ধরনের নৃশংস ঘটনা ঘটতোনা। তিনি আদালতকে জানান, সিগন্যাল সেক্টর অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এই সেক্টরের সিগন্যাল সেন্টার বিডিআরের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে কোনো স্থানে যোগাযোগ করতে সক্ষম। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার ওই বছরের শেষ ভাগে বিডিআরের বিশেষ আদালতে শুরু হয়। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩৩৫ ঘ.