২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: বান্দরবানে চলছে সাক্ষ্যগ্রহণ

বিদ্রোহের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 04:20 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বান্দরবান, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিডিআর আদালতের কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালত-১৬ এ আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। এ মামলায় রোববার অভিযোগ গঠন হয়। আসামিদের মধ্যে সাত জন নিজেদের দোষ স্বীকার করেছেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন। গত ২৬ অক্টোবর এ আদালতে ৩৫ বিডিআর সদস্যকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. আবদুর রশিদ। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানরা বাহিনীর তৎকালীন মহাপরিচালকসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে হত্যা করে। তখন ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ি ও বান্দরবানে অনেক জওয়ান। বিদ্রোহের বিচার গত বছরের শেষ ভাগে বিডিআর আদালতে শুরু হয়। কয়েকটি মামলায় ইতোমধ্যে রায়ও হয়েছে। বিডিআর আইনে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে প্রচলিত আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.