ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহ মামলার আসামি পিলখানায় বিডিআর আদালতে সিগনাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
রোববার সকালে এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর মেজর আহসান হাবিব আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর দুপুর ১২টায় আদালত প্রধান বিডিআরের উপমহাপরিচালক ওবাইদুল হক সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালত প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পৃথকভাবে তাদের পড়ে শোনান। ১৮৭ আসামির মধ্যে ৫০ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। সোমবার বাকিদের পড়ে শোনানো হবে।
পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮ এ অভিযোগ গঠনের শুনানির সময় প্রসিকিউটর মেজর আহসান হাবিব বলেন, সিগন্যাল সেক্টরের শুধুমাত্র একজন কর্তব্যরত ব্যক্তিও যদি ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি বিদ্রোহের শুরুতেই এ সংক্রান্ত তথ্য যথাসময়ে পিলখানার বাইরে জানিয়ে দিত তাহলে হয়তো এ ধরনের নৃশংস ঘটনা ঘটতোনা।
তিনি আদালতকে জানান, সিগন্যাল সেক্টর অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এই সেক্টরের সিগন্যাল সেন্টার বিডিআরের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে কোনো স্থানে যোগাযোগ করতে সক্ষম।
সকাল সাড়ে ১০টায় আদালত প্রধান বিডিআরের উপমহাপরিচালক ওবাইদুল হকের সভাপত্বিতে আদালত শুরু হয়। সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
প্রসিকিউটর ১৯৯৬ সালে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে তিন বিডিআর সদস্য আহত হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "কাছে থেকেও সেদিন ভাগ্যক্রমে বেঁচে যাই। আহত তিন বিডিআর সদস্যকে কাঁধে করে নিরাপদ স্থানে নিয়ে আসি। পরে তাদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এই তিনজনের মধ্যে একজন বিদ্রোহী হিসাবে কারাগারে আছেন।
"এরকম অনেক কর্মকর্তা আছেন, যারা বিডিআর সদস্যকে রক্ষা করেছেন, অনেক বীরত্বপূর্ণ কাজও করেছেন। কিন্তু এসব কর্মকর্তা পিলখানায় বিদ্রোহের সময় বিদ্রোহীদের কাছ থেকে কোনো অনুকম্পা পাননি।"
মেজর আহসান হাবিব আসামিদের উদ্দেশে বলেন, তাদের না আছে মানবতা, না আছে বিবেক, না আছে কৃতজ্ঞতাবোধ।
আদালত শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ১৮৭ আসামির মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ, ৩০ জনের বিরুদ্ধে অধীনস্থদের নিয়ন্ত্রণ গ্রহণ না করা, ৭৮ জনের বিরুদ্ধে বিদ্রোহ দমনে পদক্ষেপ না নেওয়া, ১০৯ জনের বিরুদ্ধে অস্ত্র-গোলাবারুদ নিয়ে বিদ্রোহে অংশ নেওয়া, তিনজনের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ জব্দ করার অভিযোগ রয়েছে।
এছাড়া ৭ জনকে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে এবং ৭ জনকে শরীরে অস্ত্র বহনের চিহ্ন দেখে সনাক্ত করা হয়। এদের
মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
এদর মধ্যে ২৬ জন সিআইডির চার্জশিটভুক্ত আসামি।
আদালতের প্রধানকে সহায়তা করেন লে. কর্নেল মো. সেরাজুল হক এবং মেজর জাহিদুর রহমান খান। আইনগত সহায়তা দেন অ্যাটর্নি জেনারেলের পক্ষে ভীষ্মদেব।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার ওই বছরের শেষ ভাগে বিডিআরের বিশেষ আদালতে শুরু হয়। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এইচএ/১৮৫২ ঘ.
bdnews24