ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান ও খাগড়াছড়িতে রোববার বিডিআর বিদ্রোহের দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ আদালত-১৬।
এদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বাকি ২৮ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।
বিশেষ আদালত-১৫ খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেদাছড়ায় অবস্থিত ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
এদের মধ্যে তিনজন দোষ স্বীকার আদালতের অনুকম্পা চেয়েছেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: রোববার সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ আসামিদের উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়।
আদালত বসার পর মামলার প্রসিকিউটর নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
আদালতের কার্যক্রম শেষে মামলার প্রসিকিউটর শফিউল আজম সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। ওইদিন সাক্ষ্য নেওয়া হবে।
তিনি জানান, গত ২৬ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে বাদি অভিযোগ উত্থাপন করেন।
বিশেষ আদালত-১৬ এ সভাপতিত্ব করেন বিডিআর রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলে অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এম এ রাকিব।
বিচার কাজে আদালতে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
গত বছরের ৯ ডিসেম্বর বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেল ব্যটালিয়নের ৩৫ আসামিকে সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
খাগড়াছড়ি: সকাল ১০টায় বিশেষ আদালত-১৫ এ মাটিরাঙা খেদাছড়ার ২৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার কাজ শুরু হয়।
এরপর মামলার প্রসিকিউটর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রসিকিউটর মেফতাউল করিম সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের পর আদালত সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে মেজর এস এম নাঈমুল আলমকে ফ্রেন্ড অব দি এ্যাকিউজড নিয়োগ দিয়েছে।
প্রসিকিউটর জানান, আসামিদের আইনজীবী নিয়োগেও সুযোগ দিয়েছে আদালত। তাদের আইনজীবী শুধু পরামর্শ দিতে পারবেন। আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন না।
মামলায় আরো তিন সাক্ষীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এনিয়ে সাক্ষীর সংখ্যা দাঁড়ালো ৫৬।
২৯ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুন নূর ও মেজর আ জ ম গোলম মোস্তফা আল-মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।
গত ২৫ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে মামলার প্রসিকিউটর তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উত্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24