২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: বান্দরবানে সাত জনের দোষ স্বীকার

বিদ্রোহের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের মধ্যে সাত জন নিজেদের দোষ স্বীকার করেছেন। বাকীরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বান্দরবান/খাগড়াছড়ি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের মধ্যে সাত জন নিজেদের দোষ স্বীকার করেছেন। বাকীরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিডিআর আদালতে রোববার সকাল ১০টায় মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে অভিযোগ গঠন শেষে সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এ আদালতে সভাপতিত্ব করছেন বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। গত ২৬ অক্টোবর এ আদালতে ৩৫ বিডিআর সদস্যকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. আবদুর রশিদ। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। বিদ্রোহের মামলায় খাগড়াছড়িতে বিডিআরের ৪৭ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। খাগড়াছড়ি সেক্টর দপ্তরে বিডিআর আদালতে শুনানি শুরু হয় রোববার সকাল ১০টায়। দুপুর সাড়ে ৩টায় সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সকালে মামলার আসামি ২৯ রাইফেল ব্যাটালিয়ন মাটিরাঙায় খেদাছড়ার ৪৭ জওয়ানকে হাজির করা হয়। গত ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে তুলে ধরা হয়। এ আদালতে প্রধান বিচারকের দায়িত্বে রয়েছেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান পিএসসি। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানরা বাহিনীর তৎকালীন মহাপরিচালকসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে হত্যা করে। তখন ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ি ও বান্দরবানে অনেক জওয়ান। বিদ্রোহের বিচার গত বছরের শেষ ভাগে বিডিআর আদালতে শুরু হয়। কয়েকটি মামলায় ইতোমধ্যে রায়ও হয়েছে। বিডিআর আইনে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে প্রচলিত আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪৩ ঘ.