ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের মামলার বিচার চলাকালে আদালত অবমাননার জন্য দণ্ড পাওয়া মো. আব্দুল বাছেত শনিবার আদালতের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
তিনি পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার আসামি।
পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৭ এ বুধবার এই মামলার শুনানি চলাকালে আদালত অবমাননার জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বাছেতকে। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে এ দণ্ড দেন আদালতপ্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
বিদ্রোহের চলমান বিচারে বিডিআর আদালতে এ ধরনের সাজা ওটাই প্রথম।
শনিবার বাছেত ক্ষমা চাওয়ার পর মামলার পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর (মঙ্গলবার) তাকে লিখিত আকারে ক্ষমা প্রার্থনা করতে বলে আদালত।
শনিবার সকাল ৯টায় আদালত বসার পর ১৯তম সাক্ষীকে জেরা করেন মামলার ১০ আসামি। গত বৃহস্পতিবার এই ১০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। এ নিয়ে মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
এরপর ২০ নম্বর সাক্ষী সিপাহী ফজলুল হক ২৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তারা পিলখানায় বিদ্রোহের দিন মহাপরিচলক শাকিল আহমদের নির্দেশ উপেক্ষা করে দরবার হল ত্যাগ করেন বলে তিনি অভিযোগ করেন। শনিবার তাকে ২১ জন জেরা করেছেন। বাকি আসামিরা মামলার পরবর্তী দিন তাকে জেরা করবেন।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন আদালতপ্রধান রফিকুল ইসলাম। এর আগে বাছেত আদালতে ক্ষমা প্রার্থনা করেন।
সাক্ষ্য প্রদানকালে ফজলুল হক বলেন, "২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি দরবার হলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর ২৪ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মোহাম্মদ মোমিনুল ইসলাম সরকার বেরিয়ে নিজ ইউনিটে ফিরছিলেন। দরবার হলের পেছনে সুলতান গ্রাউন্ড ও পুকুরের মধ্যবতী রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে একই ইউনিটের সিপাহী আল মাসুম লক্ষ্য করে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সেখানে উপস্থিত সিপাহীরা এই ঘটনা দেখে উল্লাস প্রকাশ করেন।"
শনিবার আদালতে জেরা চলার সময় আসামিদের মধ্যে দুজন দাবি করেন তারা ২৫ ফেব্র"য়ারি দরবার হলে উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে আদালত প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমানকে পরবর্তী ধার্য তারিখে ওইদিন (২৫ ফেব্র"য়ারি) যারা দরবার হলে উপস্থিত ছিলেন তাদের নামের তালিকা আদালতে জমা দিতে আদেশ দেন।
পরে প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান এক সংবাদ ব্রিফিং'এ জানান, দুই আসামি ওইদিন যে দরবার হলে ছিলেন তার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। নিজেদের রক্ষায় তারা এমন বক্তব্য দিচ্ছেন।
এর আগে এ মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সেদিন ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে শনিবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় পিলখানার বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বেশ কিছু সদস্য একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে বিডিআর আইনে ইতিমধ্যে কয়েকটি মামলায় রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজ শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24