২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার জন্য সাজা হলো 'বিদ্রোহী'র

আদালত অবমাননার জন্য বিদ্রোহ মামলার এক আসামির সাজা হয়েছে। বিদ্রোহের চলমান বিচারে বিডিআর আদালতে এ ধরনের সাজা এটাই প্রথম। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার জন্য বিদ্রোহ মামলার এক আসামির সাজা হয়েছে। বিদ্রোহের চলমান বিচারে বিডিআর আদালতে এ ধরনের সাজা এটাই প্রথম। বুধবার পিলখানায় বিশেষ আদালত-৭ এ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় মো. আব্দুল বাছেতকে। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে এ দণ্ড দেন আদালত প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। এ আদালতে বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে মামলার শুনানি চলছে। এদেরই একজন বাছেত। সকাল সোয়া ৯টা থেকে ১টা পর্যন্ত ১৫ জন সাক্ষীর জেরা সম্পন্ন হওয়ার পর আদালতের কার্যক্রম ২ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। সোমবার সাক্ষ্য দেওয়া দ্বাদশ সাক্ষীকে বুধবার বাকি আসামিরা জেরা করেন। এরপর আরো তিনজন সাক্ষী সাক্ষ্য প্রদান এবং আসামীরা তাদের জেরা সম্পন্ন করেন। পঞ্চদশ সাক্ষী ল্যান্সনায়েক আব্দুর রহমান তার সাক্ষ্য দেওয়ার পর আসামিদের জেরা শুরু হয়। জেরার একপর্যায়ে আসামি সুবেদার মেজর গোফরান মল্লিক তার বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে জেরার পরিবর্তে ভিন্ন বক্তব্য দেওয়া শুরু করলে আদালত তাকে বসিয়ে দেন। এরপর আদালতের সহায়তাকারী অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী বিডিআর আইনে বিদ্রোহের ব্যাখ্যা, আদালতের নিয়মকানুনসহ বিভিন্ন বিষয় তুলে ধরে নিয়মকানুন মানার বিষয়ে আসামিদের সতর্ক করে দেন। এরপরই আদালতে অপর এক আসামি বলে ওঠেন, সাক্ষী আব্দুর রহমান সাক্ষ্য প্রদানকালে তাদের (আসামিদের) 'কুলাঙ্গার', 'জানোয়ার' বলেছেন। এই বক্তব্য দেওয়া যায় কিনা- ওই আসামি প্রশ্ন করলে আদালত কোনো জবাব না দিয়ে তাকে বসিয়ে দিলে কোনো অনুমতি ছাড়াই সিপাহী মো. আব্দুল বাছেত উঠে দাঁড়ান এবং মাইক্রোফোন ছাড়াই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করেন। বাছেত ওই সময় আসামি গোফরান মল্লিকের পাশে বসা ছিলেন। পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলায় আসামি হওয়ায় তাকে কারাগার থেকে পায়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়। বাছেত উচ্চস্বরে বলতে থাকেন, "আদালত শুধু কি সাক্ষীদের জন্য, না আসামিদের জন্য। ঘাড়ে কেরামিন কাতেবিন (ফেরেস্তা) আছেন, সব দেখছেন।" তাকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আদালত বারবার অনুরোধ করলেও না থামায় পুলিশ ডেকে তার হাতে হ্যান্ডকাপ পরানোর নির্দেশ দেয় আদালত। এতে আরো উত্তেজিত হয়ে পড়েন বাছেত। আদালতকে উদ্দেশ করে তিনি বলতে থাকেন- "আর কত ডাণ্ডাবেড়ি লাগাবেন", "উপরওয়ালা দেখছেন। এ ক্ষমতা থাকবে না" ইত্যাদি। এক পর্যায়ে আদালত ১০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। ওই সময় গোফরান মল্লিকের পাশ থেকে বাছেতকে আসামির কাঠগড়ার ভেতরেই আলাদাভাবে নিয়ে রাখা হয়। হাতে লাগানো হয় হ্যান্ডকাপ। পরে আদালত বসার পর সাক্ষী আব্দুর রহমানকে বাকি আসামিরা জেরা করেন। জেরা সম্পন্ন হওয়ার পর আদালত বাছেতের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ সালের আইনের ১০বি (১) (ডাব্লু) এবং দণ্ডবিধির ২২৮ ধারায় অভিযুক্ত করে তাকে ছয় মাস মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে তাকে চাকরিচ্যুত এবং সব সুযোগ-সুবিধা বাতিল করার নির্দেশও দেয় আদালত। পরে এক সংবাদ ব্রিফিংয়ে এই মামলার প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান বলেন, "বাছেত তার বক্তব্য প্রদান করে অন্য আসামিদের উত্তেজিত করার চেষ্টা করছিলো। সে তার বক্তব্য দিয়ে আদালতকে অবমাননা করেছে।" তিনি জানান, বিডিআর আইন অনুযায়ী কোনো সদস্যের ছয় মাস কিংবা তার বেশি সাজা হলে তিনি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সামছুর বলেন, আসামি হওয়ার পর বাছেত বেতন অর্ধেক পেতেন, তবে রেশনসহ সব সুযোগ-সুবিধা তাকে দেওয়া হচ্ছিলো। আদালতের রায়ে বাছেতের যে বক্তব্যটুকু উল্লেখ করেছেন সংবাদ ব্রিফিং শেষে এক বিডিআর কর্মকর্তা তা পড়ে শোনান। সেখানে বলা হয়েছে- "আর কত ডাণ্ডাবেড়ি লাগাবেন। এ আদালতে আসামিকে ডাণ্ডাবেড়ি লাগানো হয়েছে। কোনো সমস্যা নেই, এই সুপ্রিম পাওয়ার এই ক্ষমতা থাকবে না, ইনশাল্লাহ। তখন দেখা যাবে।" 'জানোয়ার' ও 'কুলাঙ্গার' শব্দ নিয়ে প্রসিকিউটর বলেন, "সাক্ষী এটা বিশেষণ দিয়েছে। যেখানে সেনা কর্মকর্তাদের হত্যার পর ম্যানহোলে ফেলে দেওয়া হয়, সে ব্যাপারে সাক্ষী সেসব হত্যাকারীদের পরিচয় তুলে ধরতে এসব বিশেষণ যোগ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৩০ ঘ.