২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়ির 'বিদ্রোহীদের' বিচার ১৩ মার্চ পর্যন্ত মুলতবি

খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহের বিচার কাজ আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহের বিচার কাজ আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরের বিশেষ আদালত-১৫ এ দ্বিতীয় দিনের মতো বিচার কাজ শুরু হয়। এদিন আসামিদের উপস্থিতিতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা দেন। শুনানি শেষে আদালত আগামী ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। রোববার বিশেষ আদালতের প্রথম কার্যদিবসে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন বাদি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. হযরত আলী। অভিযোগ আমলে নিয়ে সোমবার তাদেরকে হাজির করার নির্দেশ দেয় আদালত। এদের মধ্যে ৪৮জন খাগড়াছড়ি জেলা কারাগারে আটক ছিলেন। বাকি ২৩ জনকে আদালতের নির্দেশে রোববার বিকালে ৩০ রাইফেল ব্যাটালিয়ন ইউনিট থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মারা যান ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পরদিন ওই বিদ্রোহের সঙ্গে পানছড়িসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু সদস্য একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজ শুরু হয়েছে প্রচলিত আইনে। গত ২৩ অক্টোবর খাগড়াছড়ির বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার কাজ শুরু হয়। এর মধ্যে মাটিরাঙা খেদাছড়া ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জওয়ানের বিচার কাজ আগামী ৫ ডিসেম্বর, রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জওয়ানের বিচার কাজ ৭ ফেব্র"য়ারি এবং খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ৪২ জওয়ানের বিচার কাজ ২২ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫৫০ ঘ.