ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে মামলার শুনানি ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত মুলতবী করা হয়েছে।
পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ সোমবার এ মামলার শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করে।
সোমবার সকাল ৯টায় আদালত শুরু হওয়ার পর ১০ নম্বর সাক্ষীর আংশিক জেরা এবং আরো দুই সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এই নিয়ে মোট ১২ জন সাক্ষীকে জেরা করা হলো। এ ছাড়াও সোমবার আদালতে ১৩ নম্বর সাক্ষী সাক্ষ্য দেন। তাকে জেরা করেন ৯ জন আসামি। এই সাক্ষীর বাকি জেরা হবে মুলতবি আদালত ১ ডিসেম্বর শুরু হওয়ার পর।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন।
এর আগে একই আদালতে রোববার নবম সাক্ষীকে জেরা করে আসামিরা।
সর্বশেষ ১১ নভেম্বর বিশেষ আদালত-৭ এ মামলার শুনানি অল্প সময়ের জন্য হওয়ার পর ২৮ নভেম্বর (রোববার) পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ মামলায় সেদিন পর্যন্ত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং তাদের সাতজনের জেরা সম্পন্ন হয়।
রোববার সকাল সোয়া ১০টায় আদালত বসার পর অষ্টম সাক্ষীকে জেরা করা শুরু করেন আসামিরা। তাকে জেরা শেষে নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে আদালত সাময়িক সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
পুনরায় আদালত বসার পর নবম সাক্ষীকে জেরা করেন আসামিরা। এরপর দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। আরেকবার বিরতির পর তাকে কয়েকজন আসামির জেরা শেষে রোববার দুপুর পৌনে ২টার দিকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সূত্রপাত হয়। পরের দিন পর্যন্ত এ বিদ্রোহ অব্যাহত থাকে।
২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে গত বছরের ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি।
বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। মাঝে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁও এবং সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩৫২ ঘ.
bdnews24