২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উত্থাপন

খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধেবিদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধেবিদ্রোহের অভিযোগ উত্থাপন করা হয়েছে। রোববার সকাল ১০টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৫ নম্বর বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. হযরত আলী। এদের মধ্যে ইত্যোমধ্যে গ্রেপ্তার ৪৮ জন জেলা কারাগারে রয়েছেন। বাকি ২৭ জনকে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। গত বছর ১৭ মে পানছড়ি থানার ওসি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলার পর গ্রেপ্তার করা হয় ৪৮ জনকে। পরবর্তী সময় তদন্ত করে বাকি ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মারা যান ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পরদিন এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পানছড়ির কিছু জওয়ান। তাদের বিরুদ্ধে বাদির উত্থাপিত অভিযোগ আমলে নেয় আদালত। এরপর নতুন করে অভিযুক্ত ২৭ জনসহ মোট ৭১ আসামিকে সোমবার আদালতে হাজির করার নির্দেশ দিয়ে ওইদিন সকাল ৯টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করা হয়। আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। মামলা পরিচালনার জন্য ৩০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জাকির হোসেনকে আদালত প্রসিকিউটর নিযুক্ত করেছে। সোমবার আদালতে তার বক্তব্যের দিন ধার্য্য করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.