২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার এক মামলার শুনানি আবার শুরু

পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার শুনানি রোববার আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 04:41 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের মামলার শুনানি রোববার আবার শুরু হয়েছে। সর্বশেষ গত ১১ নভেম্বর পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ মামলার শুনানি অল্প সময়ের জন্য হওয়ার পর ২৮ নভেম্বর (রোববার) পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। তাদের মধ্যে ১১ নভেম্বর পর্যন্ত জেরা সম্পন্ন হয় সাতজনের। রোববার সকাল সোয়া ১০টায় শুরু হওয়া এ আদালতে নেতৃত্ব দিচ্ছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সূত্রপাত হয়। পরের দিন পর্যন্ত এ বিদ্রোহ অব্যাহত থাকে। ২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের এ মামলা করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। বিদ্রোহের এ মামলায় গত ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। মাঝে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে এই মামলার বিচার বিশেষ আদালত-৫ এ চলছিলো। আদালত পুনর্গঠনের পর তা এখন বিশেষ আদালত-৭ এ চলছে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১০৪০ ঘ.