ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় নেত্রকোনায় ১৬ রাইফেল ব্যাটালিয়নের ৭২ জওয়ানের বিরুদ্ধে শনিবার বিচার শুরু হয়েছে। দিনাজপুর সদর সেক্টরের ২ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানকে নতুন করে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহে সদর সেক্টরের ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ৪২ জওয়ানের বিচারের শুনানি আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
প্রতিনিধিদেন পাঠানো সংবাদ:
নেত্রকোনা: বিদ্রোহের মামলায় শনিবার নেত্রকোনায় ১৬ রাইফেল ব্যাটালিয়নের ৭২ জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
আদালতের শুরুতে মামলার বাদি মেজর মোহাম্মদ কামরুজ্জামান মিলন অভিযোগ উত্থাপন করেন।
বেলা ১২টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত- ১৭ এ মামলার কার্যক্রম শুরু হয়। পৌনে ১২টার দিকে অভিযোগ উত্থাপন শেষে রোববার সকাল ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
এ মামলায় উপ-সহকারী পরিচালক ও সুবেদার মেজরসহ মোট ৭২ জন জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সেক্টর পর্যায়ে তদন্ত শেষে কারাগারে ৫২ জওয়ানকে বিশেষ আদালতে বিচারের সুপারিশ করা হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহে সদর সেক্টরের ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ৪২ জওয়ানের বিচারের শুনানি আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
সকাল ৮টায় বিশেষ আদালত-১৭ এ মামলার কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু হয়। সকাল ৯টায় অভিযোগ আমলে নিয়ে আগামি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
শুরুতে মামলার প্রসিকিউটর ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের উপ-অধিনায়ক মেজর ইউসূফ আহমেদ জামিল ও ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকির আহমেদ আদালতে ৪২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
এর আগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে সেক্টর সদর দপ্তরের ১৪ জন এবং ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ২৮ জনসহ ৪২ জওয়ানকে আদালতে হাজির করা হয়।
নেত্রকোনা ও ময়মনসিংহে বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে ছিলেন বিডিআর কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম।
বিচার প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন।
বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি অ্যাডভোকেট মো. সেলিম ও বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম এবং এডভোকেট প্রশান্ত কর্মকার।
দিনাজপুর: দিনাজপুর সদর সেক্টরের ২ রাইফেল ব্যাটালিয়নের ১৩ জওয়ানকে নতুন করে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সকাল ১০টায় বিশেষ আদালত-১৩ এ মামলার কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় মামলার অভিযোগ আমলে নিয়ে রোববার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আদালতের শুরুতে বিদ্রোহের মামলার বাদি সুবেদার (সিগন্যাল) মো. এনামুল হক ১৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে ১৩ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ মামলায় আগে গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জওয়ানকে।
বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান হিসেবে ছিলেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমদ।
বিচার প্যানেলের অপর দুই সদস্য ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম ও মেজর দিদার আল-লতিফ।
অ্যার্টনি জেনারেলের প্রতিনিধি হিসাবে ছিলেন অ্যাডভোকেট বিশ্বজিৎ রায়।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৬ ঘ.
bdnews24