সিলেট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ২৯ ডিসেম্বর।
বিদ্রোহের বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-১৪ এর সভাপতি বাহিনীর কুমিল−া সেক্টরের কমান্ডার কর্নেল এসএম ফরহাদ বৃহস্পতিবার রায়ের এ দিন ধার্য করেন।
সকাল পৌনে ৯টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত শুরু হয়। সাড়ে ১০টা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
সকালে মামলার প্রসিকিউটর ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির যুক্তিতর্ক শুনানিতে অংশ নেন।
৩৫ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
মঙ্গলবার ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর ৩৯ জন তাদের দোষ স্বীকার করেন। বাকি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেন।
এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিচার শুরু হয় গত ১৯ অক্টোবর।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24