জামালপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত জামালপুরের ৬ রাইফেল ব্যাটালিয়নের ৫২ জওয়ানের বিচারের শুনানি আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বিশেষ আদালত-১৭ এ মামলার কার্যক্রম শুরু হয়। অভিযোগ উত্থাপন শেষে বেলা ১১টার দিকে ১৫ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
৬ রাইফেল ব্যাটালিয়নের ৫২ জওয়ানের বিচার কাজ বুধবার শুরু হয়।
বিডিআর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও বিশেষ আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল খবীর সরকার সাংবাদিকদের জানান, অভিযুক্ত সবার বিরুদ্ধে বিদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
তিনি জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ জানুয়ারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করেছেন।
সকালে জামালপুর জেলা কারাগার থেকে ৫২ জওয়ানকে বিশেষ আদালতে হাজির করা হয়।
আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।
বিচার প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর আসফাক হোসেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু সদস্য পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা বিদ্রোহের মামলায় ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম চলছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪০ ঘ.
bdnews24