জামালপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত জামালপুরের ৬ রাইফেল ব্যাটালিয়নের ৫২ জওয়ানের বিচার কাজ বুধবার শুরু হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৭ এ সকাল ১১টার দিকে বিচার কার্যক্রম শুরু হয়।
বিচার কাজের শুরুতে মামলার বাদি ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক আব্দুর আজিজ ৫২ জওয়ানের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দুপুর ১২টা পর্যন্ত বিচার কাজ চলার পর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এদিন সবাইকে আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত।
অভিযুক্তদের মধ্যে আগে গ্রেপ্তার করা ৪৪ জন জামালপুর জেলা কারাগারে রয়েছেন। বুধবার দুপুরে বাকি আটজনকে ৬ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে গ্রেপ্তার করা হয়।
আদালত মুলতবি করার পর ব্যাটালিয়নের অধিনায়ক ও বিশেষ আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির সরকার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৫২ জওয়ানকে আদালতে হাজির করা হবে।
আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।
বিচার প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর আসফাক হোসেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কিছু সদস্য পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা বিদ্রোহের মামলায় ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম চলছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৫৯ ঘ.
bdnews24