ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার সব আসামির উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। সেদিন প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম ২৫৬ আসামির বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এরপর সেদিনই ৯৯ জনকে, পরদিন ১৩১ জনকে এবং সর্বশেষ বুধবার ২৬ জনকে অভিযোগ শোনানো হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ কার্যক্রম শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়।
সাময়িক মুলতবির পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আসামিদের দোষ স্বীকার-অস্বীকার সংক্রান্ত কার্যক্রম শুরু হয়। তবে কোনো আসামিই দোষ স্বীকার করেননি।
দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম চলার পর ২৭ ফেব্র"য়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। সেদিন মামলার সাক্ষীদের জেরা করবেন আসামিরা।
মামলার মোট ১৮২ জন সাক্ষী রয়েছে।
আদালতপ্রধান হিসেবে ছিলেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম এবং মেজর এসএম কাওসার।
এই আদালতের আগের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ হজ করতে যাওয়ায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল আলীম।
গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের এই বিচার প্রক্রিয়া শুরু হয়। পরদিন হাসপাতাল ইউনিটের এই ২৫৬ জনের বিরুদ্ধে প্রসিকিউটর আল মূঈদ অভিযোগ তুলে ধরেন।
সেদিন আদালতকে তিনি জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এই ইউনিটের ২ জনের নেতৃত্বে ১৪ জন লাশ সরানোর কাজে সহায়তা করে। এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত।
সেদিন আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর (সোমবার) অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩২৫ ঘ.
bdnews24