২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ শোনানো হলো হাসপাতাল ইউনিটের ২৫৬ জনকে

বিদ্রোহে 'জড়িত' পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের আরো ২৬ জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 05:08 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের আরো ২৬ জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়েছে। এজন্য বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ কার্যক্রম শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়। এর মধ্য দিয়ে এ মামলার ২৫৬ আসামির সবাইকে সুনির্দিষ্ট করে অভিযোগ শোনানো হলো। এ পর্যায়ে আদালত ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। আদালত বসার পর আসামিদের দোষ স্বীকার-অস্বীকার সংক্রান্ত কার্যক্রম শুরু হবে। একই আদালতে মঙ্গলবার ১৩১ জনকে এবং সোমবার ৯৯ জনকে নির্দিষ্ট করে অভিযোগ শোনানো হয়। মঙ্গলবার কার্যক্রম শেষে আদালত বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। আদালতপ্রধান হিসেবে আছেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাকে সহায়তা করছেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম এবং মেজর এসএম কাওসার। সোমবার সব আসামির উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। সেদিন প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম ২৫৬ আসামির বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তিনি আদালতকে জানান, এই মামলার মোট ১৮২ জন সাক্ষী রয়েছে। এই আদালতের আগের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ হজ করতে যাওয়ায় সোমবার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল আলীম। গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের এই বিচার প্রক্রিয়া শুরু হয়। পরদিন হাসপাতাল ইউনিটের এই ২৫৬ জনের বিরুদ্ধে প্রসিকিউটর আল মূঈদ অভিযোগ তুলে ধরেন। সেদিন আদালতকে তিনি জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এই ইউনিটের ২ জনের নেতৃত্বে ১৪ জন লাশ সরানোর কাজে সহায়তা করে। এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত। সেদিন আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর (সোমবার) অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১১০১ ঘ.