২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: লালমনিরহাটে ২৩ জনের সাজা, ১ জন খালাস

বিদ্রোহের মামলায় লালমনিরহাটে ২৩ জন বিডিআর সদস্যের সাজা হয়েছে। খালাস পেয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

লালমনিরহাট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় লালমনিরহাটে ২৩ জন বিডিআর সদস্যের সাজা হয়েছে। খালাস পেয়েছেন একজন। ৩১ রাইফেলস ব্যাটালিয়নে বিশেষ আদালত-১৩ এ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বিদ্রোহের এ মামলার রায় হয়। রায় দেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার ও আদালতের সভাপতি কর্নেল মো. সালেহ আহমাদ। রায় ঘোষণার দিন থেকে দণ্ডিতদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছে আদালত। সাজা কার্যকর হবে বেসামরিক কারাগারে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিপাহী মো. আবু সিদ্দিক খালাস পেয়েছেন। ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে সর্বোচ্চ সাত বছর সাজা হয়নি কারো। পাঁচ বছর সাজা হয়েছে দুই জনের, তারা হলেন- সিপাহী মো. নজরুল ইসলাম ও প্রণয়ন চাকমা। চার বছর সাজা পেয়েছেন সিপাহী মো. নাজমুল শাহাদৎ। আড়াই বছর সাজা হয়েছে সিপাহী মো. কমর উদ্দিনের। দুই বছর সাজা হয়েছে সিপাহী মহব্বত আলী ও তারেকুল ইসলামের। দেড় বছর সাজা হয়েছে যাদের, তারা হলেন- ল্যান্স নায়েক মো. মতিউর রহমান, সিপাহী দিল মো. দুলাল, সিপাহী মো. পারভেজ আলম, হাবিলদার মো. ছামেদুল ইসলাম, ল্যান্স নায়েক মো. তছলুর তালুকদার, সিপাহী মো. জয়নাল আবেদীন, ল্যান্স নায়েক মো. আসাদুজ্জামান, সিপাহী মো. আব্দুর রহমান এবং নায়েক আবুল কালাম আজাদের। এক বছর তিন মাস সাজা হয়েছে সিপাহী মো. হাবিবুর রহমানের। এক বছর সাজাপ্রাপ্তরা হলেন- হাবিলদার (সিগন্যাল) মো. নিজাম উদ্দিন, সিপাহী মো. শাহাদৎ হোসেন এবং নায়েব সুবেদার সিরাজুল হক। নয় মাস সাজা পেয়েছেন সিপাহী মো. আমির হোসেন ও সিপাহী আশরাফুল হুদা। ছয় মাস সাজা হয়েছে সিপাহী রোকন খালাসীর। চার মাস সাজা হয়েছে নায়েব সুবেদার মো. ইউসুফ আলীর। রায়ের পর ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি এ ব্যাটালিয়নের ওই সদস্যরা (সাজাপ্রাপ্ত) বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ দখলে নিয়ে গুলিবর্ষণ করে। আসামিরা একে অপরের সহযোগিতায় ও যোগসাজসে পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও পরিণতিতে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হয়। এ সময় দেশের কয়েকটি স্থানের মতো লালমনিরহাটের ৩১ রাইফেলস ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে সরকার। ঢাকার বাইরে কয়েকটি ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৩০ ঘ.