কুড়িগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়নের ৫০ আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।
মঙ্গলবার ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে প্রসিকিউটর ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার তাদের অভিযোগ পড়ে শোনান।
এরপর আগামী ৩ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত মুলতবি করা হয়।
বিচার কাজ শেষে লেফটেন্যান্ট কর্নেল রাজ্জাক সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে অধিনায়কের নির্দেশ অমান্য, অস্ত্র ও গোলাবারুদ লুট, গোলাগুলি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।
আদালত ২৭ দিনের মধ্যে আইনজীবী নিয়োগের জন্য তাদের সুযোগ দিয়েছেন। তবে এই আইনজীবী আদালতে যুক্তিতর্ক করতে পারবেন না। শুধু পরামর্শ দিতে পারবেন।
বিডিআর কর্মকর্তা আরো জানান, সাক্ষীদের তালিকা আসামিদের সরবরাহ করার জন্যও আদেশ দিয়েছে আদালত।
আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমাদ।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম এবং রংপুর সেক্টর সদর দপ্তরের মেজর দীদার-আল-লতিফ।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনালের বিশ্বজিৎ রায়।
বিচার কাজ শেষে আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়। এ সময় তাদের বহনকারী বাস ঘিরে ধরে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। অভিযুক্ত বিডিআর সদস্যরাও হাউমাউ করে কেঁদে উঠেন।
সকালে তাদের আদালতে হাজির করার সময়ও স্বজনরা ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে ভিড় জমায়।
গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদস্যরা বিদ্রোহ করে। ওই সময় বিডিআরে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
এর জেরে দেশের অন্যান্য স্থানের মতো ২৬ ফেব্র"য়ারি কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের জওয়ানরাও বিদ্রোহ করে।
বিদ্রাহের বিচারের জন্য ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দু'টিসহ দেশে ছয়টি বিশেষ আদালত গঠন করে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে অনেকের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদের সাজাও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24