২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫১ জনকে শোনানো হয়েছে অভিযোগ

পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের আরো ৫১ জনকে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 05:43 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের আরো ৫১ জনকে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ মঙ্গলবার এই অভিযোগ শোনানো হয়। এর আগে সোমবার ৯৯ জনকে নির্দিষ্ট করে অভিযোগ শোনানো হয়। এই নিয়ে ২৫৬ জনের মধ্যে মোট ১৫০ জনকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হলো। মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। ৫১ জনকে অভিযোগ শোনানোর পর আদালত আধাঘণ্টার জন্য মুলতবি করা হয়। এর আগে সোমবার বিশেষ আদালত ১০-এ সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানি শুরু হওয়ার পর আদালতে প্রসিকিউটর হিসেবে লে. কর্নেল মো. আবদুল আলীম ২৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। সোমবার ২৫৬ জন আসামির মধ্যে ৯৯ জনকে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হয়। এক্ষেত্রে আদালতের প্রধান কর্নেল খন্দকার ওবায়দুল আহসানকে সহায়তা করেন আদালতের সদস্য লেফটেনেন্ট কর্ণেল নূরুল আলম এবং মেজর এসএম কাওসার। পরে প্রসিকিউটর লে. কর্নেল মো. আবদুল আলীম এক সংবাদ সম্মেলনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট প্রমাণ আছে বলে জানান। এর আগে তিনি আদালতকে জানান, এই মামলার মোট ১৮২ জন সাক্ষী রয়েছে। এই আদালতের আগের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ হজ করতে যাওয়ায় সোমবার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. আবদুল আলীম। আদালত প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের এই বিচার প্রক্রিয়া শুরু হয়। পরের দিন ২৯ এপ্রিল আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়। এই হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে ২৯ এপ্রিল আদালতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ অভিযোগ তুলে ধরেন। সেদিন তিনি আদালতকে জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এই ইউনিটের ২ জনের নেতৃত্বে ১৪ জন লাশ সরানোর কাজে সহায়তা করে। এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১১৪২ ঘ.