২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি 'বিদ্রোহী' জওয়ানদের

রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার জওয়ানরা স্থানীয় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

রংপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার জওয়ানরা স্থানীয় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। সোমবার দুপুরে ৩৪ বিডিআর সদস্যকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে নেওয়ার সময় ছবি তুলতে গেলে তারা সাংবাদিকদের গালাগাল করেন। এ সময় তারা বলতে থাকেন, সাংবাদিকদের কারণে তাদের এই দশা হয়েছে। বিডিআর জওয়ানদের আদালতে হাজির করার পর হাকিম নিত্যানন্দ বর্মণ ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, রংপুরে বিডিআর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গত বছর কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ বাদি হয়ে ৩৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরের বেশ কিছু জওয়ান। ইতোমধ্যে কয়েকটি স্থানে বিডিআর বিশেষ আদালতে বিদ্রোহী জওয়ানদের বিচার হয়েছে। এতে সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দোষীদের। আরো কয়েকটি স্থানে বিডিআর বিশেষ আদালতে বিদ্রোহে জড়িতদের বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.