২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিডিআর বিদ্রোহের বিচার শুরু

কুড়িগ্রামে বিডিআরের ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরে বিদ্রোহের বিচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

কুড়িগ্রাম, নভেম্বও ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বিডিআরের ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরে বিদ্রোহের বিচার শুরু হয়েছে। সোমবার সকালে ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে ৫০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। বিচারক অভিযোগ আমলে নিয়ে ৫০ অভিযুক্তকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়ে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন। অভিযুক্তদের মধ্যে ৩৪ জন কুড়িগ্রাম সদর থানার ওসি'র দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ১৬ জনকে দুপুরে সদরদপ্তর থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠনো হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআর'র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, ঠাকুরগাঁওয়ের ২০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম এবং রংপুর সেক্টর সদরদপ্তরের মেজর দিদার-আল-লতিফ। স্পেশাল প্রসিকিউটর ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিঠু ও অ্যাডভোকেট মোখলেছুর রহমান। পরে আদালত ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদারকে প্রসিকিউটর নিয়োগ দেন। বেলা ১১টা ২৫ মিনিটে বিচার কার্যক্রম শুরু হলে আদালতের নির্দেশে নায়েব সুবেদার মুন্সি মনোয়ার হোসেন ৫০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার অভিযোগের পক্ষে তার মতামত উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে অধিনায়কের নির্দেশ অমান্য, অস্ত্র ও গোলাবারুদ লুট, গোলাগুলি করে ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদস্যরা বিদ্রোহ করে। ওই সময় বিডিআরে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এর জেরে দেশের অন্যান্য স্থানের মতো ২৬ ফেব্র"য়ারি কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের জওয়ানরাও বিদ্রোহ করে। বিদ্রাহের বিচারের জন্য ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকায় দু'টিসহ দেশে ছয়টি বিশেষ আদালত গঠন করে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে অনেকের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদের সাজাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.