ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের মধ্যে ৯৯ জনের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।
এর আগে ২৫৬ জনের বিরুদ্ধে বিদ্রোহে 'জড়িত' থাকার অভিযোগ আদালতে উত্থাপন করা হয়।
বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়।
আদালতে প্রসিকিউটর হিসেবে লে. কর্নেল মো. আবদুল আলীম ২৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।
মূলতবির পর সোমবার দুপুর পর্যন্ত ২৫৬ জন আসামির মধ্যে ৯৯ জনকে নির্দিষ্ট করে অভিযোগ পড়ে শোনানো হয়। এক্ষেত্রে আদালতের প্রধান কর্নেল খন্দকার ওবায়দুল আহসানকে সহায়তা করেন আদালতের সদস্য লেফটেনেন্ট কর্ণেল নূরুল আলম এবং মেজর এসএম কাওসার।
আদালত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়।
পরে প্রসিকিউটর লে. কর্নেল মো. আবদুল আলীম এক সংবাদ সম্মেলনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট প্রমাণ আছে বলে জানান।
এর আগে তিনি আদালতকে জানান, এই মামলার মোট ১৮২ জন সাক্ষী রয়েছে।
এই আদালতের আগের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ হজ করতে যাওয়ায় সোমবার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. আবদুল আলীম।
আদালত প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান।
সকাল সাড়ে ১১টায় আদালত আধঘণ্টার জন্য মুলতবি করা হয়।
গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের এই বিচার প্রক্রিয়া শুরু হয়। পরের দিন ২৯ এপ্রিল আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়।
এই হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে ২৯ এপ্রিল আদালতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ অভিযোগ তুলে ধরেন।
সেদিন তিনি আদালতকে জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এই ইউনিটের ২ জনের নেতৃত্বে ১৪ জন লাশ সরানোর কাজে সহায়তা করে।
এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৫১৮ ঘ.
bdnews24