২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে বিদ্রোহে 'জড়িত' থাকার অভিযোগ আদালতে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 06:16 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে বিদ্রোহে 'জড়িত' থাকার অভিযোগ আদালতে উত্থাপন করা হয়েছে। বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়। আদালতে প্রসিকিউটর হিসেবে লে. কর্নেল মো. আবদুল আলীম আসামিদের বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এই আদালতের আগের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ হজ করতে যাওয়ায় সোমবার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব করছেন লে. কর্নেল মো. আবদুল আলীম। সোমবার আদালত প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন কর্নেল ওবায়দুল আহসান। সকাল সাড়ে ১১টায় আদালত আধঘণ্টার জন্য মুলতবি করা হয়। গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের এই বিচার প্রক্রিয়া শুরু হয়। পরের দিন ২৯ এপ্রিল আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়। এই হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে ২৯ এপ্রিল আদালতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এসএমএ আল মূঈদ অভিযোগ তুলে ধরেন। সেদিন তিনি আদালতকে জানান, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে উপস্থিত ছিলেন। তারা সরাসরি বিদ্রোহে অংশগ্রহণ করেন। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। এর মধ্যে একই ব্যক্তি একাধিক 'অপরাধে' যুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২১৪ ঘ.