২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্রোহের বিচার শুরু

বিদ্রোহের ঘটনায় রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ সদস্যের বিচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

রাজশাহী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ সদস্যের বিচার শুরু হয়েছে। এদের মধ্যে ৪০ জন আগে গ্রেপ্তার ছিলেন। শনিবার আদালতের নির্দেশে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। বেলা ১১টায় রাজশাহী বিডিআর সেক্টর সদরদপ্তরে স্থাপিত ১৭ নম্বর বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ৩৭ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. নজরুল ইসলাম। তিনি এই ব্যাটলিয়নের নতুন আরো চার সদস্যকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিলে বোয়ালিয়া থানা পুলিশ নির্দেশ পালন করে। নতুন গ্রেপ্তার চারজন হলেন- নায়েক গিয়াস উদ্দিন, ল্যান্স নায়েক আব্দুল ওহাব, সিপাহী (চালক) আহমেদ মোজাফ্ফর এবং সিপাহী রুহুল কুদ্দুস। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের গ্রেপ্তার ৪০ বিডিআর সদস্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। শনিবারের মধ্যেই আসামিদের কাছে অভিযোগের প্রতিলিপি সরবরাহের নির্দেশ দেয় আদালত। বেলা ১টার দিকে রোববার সকাল ৮টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল মো. নজরুল ইসলাম সরকার। সদস্য হিসাবে ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর মো. আশফাক হোসেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট শেখ মো. সেলিম ও বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) শাহিদুর রহমান। ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছানকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদস্যদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদরদপ্তরের বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। এ সময় তারা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি করে। এতে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ওই বছরের ১৭ মে নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী রাজশাহীর সিএমএম আদালতে ৯৩ বিডিআর সদস্যকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। পরদিন ৩৭ রাইফেল ব্যাটেলিয়নের ৬৫ জওয়ান এবং সেক্টর সদরদপ্তর থেকে ২৮ জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। নতুন চারজনসহ অভিযুক্ত ও গ্রেপ্তার জওয়ানের সংখ্যা হলো ৯৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৬ ঘ.