২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি বিডিআর জওয়ানের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি এক বিডিআর জওয়ান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি এক বিডিআর জওয়ান মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্য মো. হানিফ (৪৫) হৃদরোগে মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হানিফ কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইদিলপুর গ্রামে। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে ময়না তদন্ত শেষে হানিফের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও হৃদরোগসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন কারাবন্দি বিডিআর জওয়ার মারা গেছেন। কাশিমপুর কারাগারের উপ-কারা রক্ষক (ডেপুটি জেলার) মো. মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ২ নম্বর ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বন্দি হানিফ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসক দেখানো হয়। কারা চিকিৎসকের পরামর্শে তাকে রাত ১০টা ২০ মিনিটের দিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। হানিফকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে এ বছরের ২৪ এপ্রিল কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিলো। রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তারের পর গত বছরের ১১ নভেম্বর হানিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই বছরের ২৫ ফেব্র"য়ারি বিদ্রোহের ঘটনায় বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন মারা যান। হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অপরাধের বিচার চলছে প্রচলিত আদালতে। অন্যদিকে বিদ্রোহের বিচার চলছে বিডিআর'র বিশেষ আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.