সাতক্ষীরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা বাংলাদেশি এক নাগরিককে নির্যাতন করেছে।
স্থানীয়রা জানায়, বিএসএফ প্লায়ার্স দিয়ে তার নাক ও কান ছিঁড়ে ফেলেছে। এছাড়া তার শরীরের নানা স্থানে জখম রয়েছে।
ইশার আলী মল্লিক (৩০) নামের এই ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্তের ওপারে গড়জালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নির্যাতন চালায়।
পরে তাকে অচেতন অবস্থায় বাংলাদেশের সীমানায় ফেলে যায়।
গ্রামবাসী জানায়, ইশার আলীসহ ৩-৪ জন গত বুধবার ভারতে গরু আনতে গিয়েছিলো।
সকালে খবর পেয়ে চান্দুরিয়া বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার শামীম রেজা ঘটনাস্থলে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইশার আলীর দুই কান ও নাক ছেঁড়া ছিলো।"
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24