২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ও কুষ্টিয়ায় অভিযোগ গঠনে দিন ধার্য

বিদ্রোহের মামলায় কক্সবাজার ও কুষ্টিয়ায় ১২৪ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কক্সবাজার ও কুষ্টিয়ায় ১২৪ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। কক্সাজারের টেকনাফে অবস্থিত ৪২ রাইফেল ব্যাটালিয়নের ৫১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ২৩ জানুয়ারি। অন্যদিকে কুষ্টিয়া সেক্টরের ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে ২০ ডিসেম্বর, চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের ২১ ডিসেম্বর এবং কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে ২২ ডিসেম্বর অভিযোগ গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: বৃহস্পতিবার সকালে টেকনাফের ৪২ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালতে হাজির করা হয়। মামলার প্রসিকিউটর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হক আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। মোজাম্মেল হক তার লিখিত অভিযোগে ব্যাটালিয়নের ৫১ জওয়ানের বিরুদ্ধে অবাধ্যতা, অস্ত্রাগার দখল ও ব্যাটালিয়নে নিযুক্ত সেনা কর্মকর্তাদের ধাওয়া করার অভিযোগ আনেন। এরপর আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্তদের ২৭দিন সময় দেয়। আদালতের সভাপতি বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম অভিযুক্তদের উদ্দেশে বলেন, ইচ্ছা করলে আসামি নিজেই তার বক্তব্য আদালতে উপস্থাপন করতে পারবেন। সেটা না করলে বিডিআর সদস্যদের মধ্য থেকেও কৌঁসুলি (ফ্রেন্ড অব দি অ্যাকিউসড) নিয়োগ করতে পারবেন। এছাড়া বেসরকারি আইনজীবীও নিয়োগ করা যাবে। তিনি শুধু আসামিদের আইনি পরামর্শ দিতে পারবেন। আদালতে যুক্তিতর্ক করতে পারবেন না। পরে আদালতের সভাপতি আগামী ২৩ জানুয়ারি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে বিচার কাজ মূলতবি ঘোষণা করেন। আদালতের বিচার প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। বিচারিক কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর সেক্টরে গঠন করা ১৭ নম্বর বিশেষ আদালতে বৃহস্পতিবার সকালে হাজির করা হয় ওই সেক্টরের অভিযুক্ত ১৫ জওয়ানকে। আদালত অভিযোগ শোনার বিচার কাজ ২০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করে। ওইদিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিনও ধার্য করা হয়। একইদিন কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়েনের ১৮ জওয়ানের বিরুদ্ধে আনা অভিযোগও আদালত শোনে। এরপর যথাক্রমে ২১ ও ২২ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে বিচার কাজ মুলতবি করা হয়। বিশেষ আদালত ১৭-এর সভাপতিত্ব করছেন বিডিআরের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাউদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন মারা যান। পরদিন কুষ্টিয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের অনেক জওয়ান বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহীদের বিচারে গঠিত বিশেষ আদালত এ পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানকে সর্বোচ্চ সাত বছর ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। বিচার কাজ চলছে আরো কয়েকটি ব্যাটলিযন ও সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমএসবি/১৮৩৬ ঘ.