২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: কক্সবাজারে অভিযোগ গঠন ৪ জানুয়ারি

বিদ্রোহের ঘটনায় কক্সবাজারের ১৭ রাইফেলস ব্যাটালিয়ানের ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় কক্সবাজারের ১৭ রাইফেলস ব্যাটালিয়ানের ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে আগামী বছরের ৪ জানুয়ারি। ব্যাটালিয়ন কার্যালয়ে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালতে বুধবার সকালে সব অভিযুক্তকে হাজির করা হয়। এর আগে আদালতের কৌঁসুলি এই ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খোন্দকার আবু হোরাইরা তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। খোন্দকার আবু হোরাইরা অভিযোগে বলেন, ১৭ রাইফেলস ব্যাটালিয়ানের ৭১ জন সদস্য অবাধ্যতা, অস্ত্রাগার লুণ্ঠন ও গোলাবারুদাগার বেআইনি দখল করে এবং ভারি অস্ত্র, মর্টার, এলএমজি ও আরআর দিয়ে রাস্তায় অবরোধ দেয়। বুধবার ছিল এই আদালতের দ্বিতীয় কার্যদিবস। গত ৮ নভেম্বর আদালতের প্রথম দিনে অভিযোগ দেওয়া হলে আদালত তা আমলে নিয়ে বুধবার (১০ নভেম্বর) অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দেন। সকাল ৯টায় জেলা কারাগার থেকে ৭১ জওয়ানকে আদালতে হাজির করা হয়। বিশেষ আদালতের সভাপতি ছিলেন বাংলাদেশ রাইফেলসের রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ বশিরুল ইসলাম। বিচারক প্যানেলের সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রউফ এবং ১৭ রাইফেলস ব্যাটালিয়ানের অপস অফিসার মেজর এম এ রাকিব। বিচারিক কার্যক্রমে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। আদালতের সভাপতি অভিযোগ শোনার পর অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ দিন সময় দিয়ে তিনটি উপায় বলে দেন। তিনি অভিযুক্তদের বলেন, ইচ্ছা করলে অভিযুক্ত নিজেই তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সেটা না করলে বিডিআর সদস্যদের মধ্য থেকেও কৌঁসুলি নিয়োগ করতে পারবেন। অথবা বেসরকারি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এক্ষেত্রে বেসরকারি আইনজীবী নিয়োগ দিলে আইনজীবীর খরচ অভিযুক্তকেই বহন করতে হবে। তিনি শুধু আইনি পরামর্শ দিতে পারবেন। আদালতে সওয়াল জওয়াব করতে পারবেন না। এরপর আগামী ৪ জানুয়ারি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে ওই পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। আদালতের কার্যক্রম শেষে কৌঁসুলি মেজর আবু হোরাইরা সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৭ রাইফেলস ব্যাটালিয়ানের অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়ার জন্য ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল ইসলামকে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.