২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাদিকে ১৩ রাইফেলের ৬৩ জনের জেরা

বিদ্রোহের মামলায় অভিযুক্ত ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬৩ জন সদস্য মামলার বাদিকে জেরা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় অভিযুক্ত ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬৩ জন সদস্য মামলার বাদিকে জেরা করেছেন। আগের দুই দিনের মতো বুধবারও পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালতে বাদি সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদকে জেরা করা হয়। বুধবার জেরা করেন ১৯ জন অভিযুক্ত। এর আগে দুই দিনে ৪৪ জন অভিযুক্ত তাকে জেরা করেন। এই নিয়ে এই বাদিকে মোট ৬৩ জন্য অভিযুক্তের জেরা সম্পন্ন হলো। বুধবার আদালতে দ্বিতীয় সাক্ষী হাবিলদার আবু তাহের সাক্ষ্য দেন। তিনি ২০ জন অভিযুক্তের বিরুদ্ধে চাক্ষুস সাক্ষ্য উপস্থাপন করেন। এই ২০ জন অভিযুক্তের মধ্যে ৮ জন তাকে জেরা করেন। বাকিরা তাকে পরে জেরা করবেন। বুধবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশেষ আদালত-৮ এর কার্যক্রম চলে। এরপর আদালত আগামী ৯ জানুয়ারি সকাল ১০ টা পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে মঙ্গলবার আদালতে বাদি সুবেদার ফরিদউদ্দিনকে জেরা করেন অভিযুক্ত ৩০ জন। এ মামলায় সোমবার ৬৩ জন অভিযুক্তের বিরুদ্ধে বাদি আদালতে সাক্ষ্য দেওয়ার পর জেরা শুরু হয়। সোমবার ১৪ জন আসামি জেরা করেন। গত ২১ অক্টোবর অভিযোগ গঠনের পর গত রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৬২৩ জন। তবে বিচার চলাকালে একজন মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইসি/কেএমএস/১৭৩৫ ঘ.