কুষ্টিয়া, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সেক্টরে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার কাজ শুরু হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বুধবার সকাল ৮টার দিকে বিচার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১ টায় আদালত মুলতবি হয়ে যায়। কোন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়নি।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম বিশেষ আদালতে সভাপতিত্ব করেন।
তিনি বেলা সাড়ে ১১ টার দিকে আদালত মুলতবি করেন এবং বৃহস্পতিবার সকাল ৮ টায় পুনরায় আদালত বসবে বলে ঘোষনা দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৭০ বিডিআর সদস্যকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। তাদের মধ্যে ৫০ জন কারাগারে আটক রয়েছে। বাকি ২০ জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বিডিআর সদর দপ্তর পিলথানায় বিদ্রোহের পরের দিন কুষ্টিয়া সেক্টর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৯ ঘ.
bdnews24