২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে রায় ২৩ নভেম্বর

লালমনিরহাটের ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ২৩ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

লালমনিরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় হবে আগামী ২৩ নভেম্বর। এই আদালতে ব্যাটালিয়নের ২৪ জওয়ানের বিচার চলছে। তারা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করে। সকাল ১০টায় আসামিদের উপস্থিতিতে বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। এরপর আসামিরা তাদের মৌখিক বক্তব্য এবং লিখিত বিবৃতি আদালতে উপস্থাপন করেন। এর আগে রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১৮ জওয়ান দোষ স্বীকার আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বিচার কাজ শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। সাড়ে ৬টায় প্রসিকিউটর লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন সাংবাদিকদের জানান, আসামীদের বক্তব্যের পর তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত রায়ের দিন ধার্য করে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করে। বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন- দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার আল-লতিফ। বিচার কাজে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট, গুলি ছুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন ৩১ রাইফেল ব্যাটালিয়নসহ সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকজন জওয়ান। বিদ্রোহের বিচারে সরকার ওই বছর ১৫ নভেম্বর ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পরে এই আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিশেষ আদালত এ পর্যন্ত বান্দরবান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি মামলার রায় দিয়েছে। অপরাধী জওয়ানদের সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.