২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আরো ১৭ সাক্ষীকে জেরা

বিডিআর বিদ্রোহের মামলায় লালমনিরহাটে আরো ১৭ সাক্ষীকে জেরা করেছেন আসামিরা। এ নিয়ে ৫১ সাক্ষীর মধ্যে ১৯ জনকে জেরা করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

লালমনিরহাট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় লালমনিরহাটে আরো ১৭ সাক্ষীকে জেরা করেছেন আসামিরা। এ নিয়ে ৫১ সাক্ষীর মধ্যে ১৯ জনকে জেরা করা হলো। লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে সোমবার সকাল ১০টায় বিচার কাজ শুরু হয়। এই আদালতে ওই ব্যাটালিয়নের অভিযুক্ত ২৪ জওয়ানের বিচার চলছে। আগেরদিন এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ১৭ জন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়েছেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন। সোমবার আরো এক আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আরেকজন আসামি অসুস্থ হয়ে পড়লে বিচার কাজ কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়। তাকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ্য হয়ে উঠলে বিচার কাজ আবার শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। এরপর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এরপর ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন সাংবাদিকদের জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট, গুলি ছুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল-লতিফ। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকজন জওয়ান। বিদ্রোহের বিচারে সরকার ওই বছর ১৫ নভেম্বর ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পরে এই আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিশেষ আদালত এ পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি মামলার রায় দিয়েছে। অপরাধী জওয়ানদের সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.