রাঙামাটি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় রাঙামাটিতে অভিযুক্ত ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৯ ডিসেম্বর।
অভিযুক্তরা বরকল উপজেলার ছোট হরিনা এলাকায় অবস্থিত ১৮ রাইফেল ব্যাটালিয়নের সদস্য।
সোমবার রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৫ শুনানির দিন ধার্য করে বিচার কাজ মুলতবি করে।
প্রসিকিউটর ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, দ্বিতীয় কার্যদিবসে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তাদের পড়ে শোনানো হয়।
এরপর অভিযোগ গঠন ও রায়ের দিন ধার্যের জন্য প্রসিকিউটর আদালতে আবেদন জানান।
আদালত জানায়, অভিযুক্তরা ২৭ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে বিডিআর থেকে একজন ফ্রেন্ড অব দি অ্যাকিউজড অথবা নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারবেন।
আদালত ১৯ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করে।
আগের দিন রোববার প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
বিচার প্যানেলের অপর সদস্যরা হলেন- লেফটেনেন্ট কর্নেল আব্দুর নূর ও মেজর মোস্তফা আল মামুন।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।
অভিযুক্ত ২৩ জওয়ানের মধ্যে রয়েছেন- একজন জেসিও (জুনিয়র কমিশন অফিসার), চারজন হাবিলদার, পাঁচজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক এবং আটজন সিপাহি।
তাদের সবাইকে রাঙামাটি জেলা কারাগারে রাখা হয়েছে।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পরদিন সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকজন জওয়ান।
বিদ্রোহের বিচারে সরকার ওই বছর ১৫ নভেম্বর ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পরে এই আদালতের সংখ্যা বাড়ানো হয়।
বিশেষ আদালত এ পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরাসহ কয়েকটি মামলার রায় দিয়েছে।
অপরাধী জওয়ানদের সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24