২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বলিপাড়া ১০ ব্যাটালিয়নের বিচারের রায় মঙ্গলবার

বিডিআর বিদ্রোহের ঘটনায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ সদস্যের বিচারের রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বান্দরবান, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ সদস্যের বিচারের রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে গঠিত বিশেষ আদালত-১৬ এ বিচার কাজ চলছে। মঙ্গলবার সকাল ১০টায় আদালতের মুলতবী কার্যক্রম আবারও শুরু হওয়ার কথা। গত ১০ অক্টোবর বিশেষ আদালতে মামলার বিচার কাজ শুরু হয়। বাদীর লিখিত অভিযোগ ও বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের জেরা, অভিযুক্তদের বক্তব্য ও যুক্তিতর্ক এবং মামলার প্রসিকিউটরের বক্তব্য শেষ হয় ১৩ অক্টোবর। এদিন রায় ঘোষণার দিনক্ষণ ০৯ নভেম্বর সকাল ১০টা নির্ধারণ করে আদালত মুলতবী হয়ে যায়। ১৩ অক্টোবর মামলার প্রসিকিউটর ও বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম সাংবাদিকদের বলেন, "৯ নভেম্বর আদালতের বিচার কাজ আবার শুরু হবে। এদিন রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে।" তিনি জানান, আদালতে মোট ১৮ জন সাক্ষী তাদের বক্তব্য তুলে ধরেছেন ও ৩৫ অভিযুক্তের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এ বিশেষ আদালতে চলতি বছরের ২২ এপ্রিল প্রথম মামলার অভিযোগ গঠন শুরু হয়। ২৪ এপ্রিল অভিযোগ গঠন শেষে ১০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবী ঘোষণা করে। ১০ অক্টোবর মামলার বিচার কাজ শুরু হয়ে চার দিন চলে। মামলার প্রসিকিউটরের সহযোগী আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ও অ্যাডভোকেট মো. বিলায়েত হোসেন দায়িত্ব পালন করেন। অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আসাদ আবদুল্লাহ এবং অ্যাডভোকেট রিদোয়ানুল হক। আসামিদের ফ্রেন্ড অব দি অ্যাকিউজড ছিলেন মেজর জুলফিকার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিবেদক/এএইচ/কেএমএস/১৫০৫ ঘ.