২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় আদালতে গণকবরের ভিডিও ফুটেজ

পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিশেষ আদালতে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকালে সোমবার একটি গণকবরের ভিডিও ফুটেজ দেখানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিশেষ আদালতে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকালে সোমবার একটি গণকবরের ভিডিও ফুটেজ দেখানো হয়। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আদালতের কাজ শুরু হয়। পিলখানার দরবার হলে আদালত-৮ এ ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষে বক্তব্য তুলে ধরেন মামলার বাদী সুবেদার ফরিদ উদ্দিন আহমেদ। পরে গণকবরের ভিডিও দেখানো হয়। সকাল সাড়ে ১১ টার দিকে আদালত ১০ মিনিটের জন্য মুলতবী করা হয়। এর আগে রোববার বিদ্রোহের ভিডিও ফুটেজে নিজেদের অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেন বিচারধীন ১৩ রাইফেল ব্যাটালিয়নের বেশিরভাগ সদস্য। রোববার আদালতের শুরুতেই মামলার বাদী অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি ব্যাটালিয়নের সদস্যদের বিভিন্ন স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করেন। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহে দরবার হলের আশপাশ এবং বিডিআর ৪ ও ৫ নম্বর গেট এলাকায় ও অন্যান্য স্থানে অস্ত্রসহ বিডিআর সদস্যদের মহড়া ও উস্কানিমূলক বক্তব্যের ভিডিও ফুটেজ দেখানো হয়। আসামি শেখ মো. জুবায়েরকে তার স্থির চিত্র দেখান সুবেদার ফরিদ। এরপর জুবায়েরকে আদালতপ্রধান বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক জিজ্ঞাসা করেন, "এই ছবি কি আপনার?" উত্তরে জুবায়ের বলেন, "এই ছবি আমার না।" হাবিলদার আবুল কাশেমের ছবি উপস্থাপন করা হলে ছবিটি তার না বলে দাবি করেন তিনি। আদালতপ্রধান তাকে জিজ্ঞাসা করেন "মিথ্যা সাক্ষী দিলে কী হয় জানেন?" উত্তরে আবুল কাশেম বলেন "মিথ্যা কথা বললে শুধু পাপ হয় স্যার।" এভাবে সুবেদার গোলাম ইয়াসিন, হাবিলদার আব্দুর রহমান, সিপাহী আলাউদ্দিন, সিহাপী বাদল, সিপাহী ফারুকসহ অধিকাংশই উপস্থাপিত ছবি তাদের নয় বলে দাবি করেন। তবে দুয়েকজন আসামি উপস্থাপিত ছবি তাদের বলে স্বীকার করেন। ল্যান্স নায়েক রফিক উদ্দিন খান তার উপস্থাপিত ছবি নিজের স্বীকার করে বলেন, "এ ছবি আমার। তবে অস্ত্র নিয়ে বক্তব্য দিতে আমাকে বাধ্য করা হয়েছিলো।" ছবি নিজের বলেও স্বীকার করা সদস্যরা অবশ্য নিজেদের দোষ স্বীকার করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১২৩৩ ঘ.