লালমনিরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় লালমনিরহাটের ৩১ রাইফেল ব্যাটালিয়নের ১৬ জওয়ান দোষ স্বীকার আদালতের কাছে অনুকম্পা চেয়েছেন।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে রোববার সকালে তাদের মুলতবি বিচার শুরু হয়।
এরপর আদালত ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। নির্দোষ দাবি করা আসামিরা দুজন সাক্ষীকে জেরা করেন।
বিচার কাজ শুরুর আগে আসামিদের কড়া পাহারায় জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
সকাল সাড়ে ১০টায় বিচার কাজ শুরুর পর প্রসিকিউটর ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
পরে আদালত অভিযোগ গঠন করে আসামিদের তা পড়ে শোনায়। এ পর্যায়ে আদালত অভিযুক্তদের দোষ স্বীকার করে নেওয়ার আহবান জানায়।
এ সময় ১৬ জন অভিযুক্ত জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। অপর আট জওয়ান নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
বিকাল সাড়ে ৫টার দিকে বিচারকাজ শেষ হয়। এরপর আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল-লতিফ।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
আদালত মুলতবি ঘোষণার পর বিকাল সাড়ে ৫টায় প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আসলাম সাংবাদিকদের জানান, এই ব্যাটালিয়নের অভিযুক্ত ২৪ জওয়ান রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরদিন গত বছরের ২৬ ফেব্রয়ারি বিদ্রোহের চেষ্টা চালান।
তারা পিলখানা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মিলিতভাবে ব্যাটালিয়নে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন।
এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেন এবং গুলি ছোড়েন।
৩১ রাইফেল ব্যাটলিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার কাজ শুরু হয় গত ২৬ জুলাই। দু'দিন চলার আদালত ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
আগামী বুধবার পর্যন্ত এই মুলতবি বিচার চলবে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.
bdnews24