ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহে 'জড়িত' ঢাকা সেক্টরের ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ বুধবার দ্বিতীয় দিনের মতো পড়ে শোনানো হচ্ছে।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় এই ব্যাটেলিয়নের ৬৭৫ জন অভিযুক্তের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। প্রথম দিন ২০০ জন অভিযুক্তকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।
পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-১১ এ মামলার বিচার কার্যক্রম চলছে।
সকাল সোয়া ১০টার দিকে ২০১তম আসামিকে অভিযোগ পড়ে শোনানো শুরু করার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
আদালত প্রধান হিসেবে আছেন বিডিআরের ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মামুদ। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদত হোসেন ও মেজর এ কে এম আলমগীর হোসেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে আছেন মোহাম্মদ উল্লাহ কিসলু।
সোমবার আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর ৪৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ অভিযোগ উত্থাপন করেন। এরপর আসামিদেরকে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ পড়ে শোনান আদালত। পরবর্তীতে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আলাদাভাবে পড়ে শোনানো শুরু হয়।
এর আগে গত ২৭ এপ্রিল বিশেষ আদালত-৫ এ আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর।
বিদ্রোহের সময় হত্যার আগে বিডিআর প্রধান শাকিল আহমেদসহ অন্য কর্মকর্তাদের লাইন ধরে হাঁটতে বিদ্রোহীরা বাধ্য করে বলে আদালতকে সেদিন বলেন তিনি। এরপর আদালত প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম অভিযোগ গঠনের জন্য ১ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেন।
এর আগের দিন মামলার বাদি সুবেদার মেজর ইসমাইল হোসেন আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে সরাসরি অংশগ্রহণ, মদদ দেওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা ও বিদ্রোহ দমনে দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় থাকার অভিযোগ আনেন।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। পরে পুনর্গঠন করে আদালতের সংখ্যা বাড়ানো হয়।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে রায় হয়েছে। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিআর হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার জোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি সুরাহার জন্যে সুপ্রিম কোর্টে পাঠায়। সেখানে ১০জন আইনজীবীর মতামতের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এজে/১০২১ ঘ.
bdnews24