ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় ৮০৮ জনকে অভিযুক্ত করেছে সিআইডি।
মঙ্গলবার বেলা আড়াইটায় সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের পক্ষে পুলিশ পরিদর্শক এসএম ইদ্রিস আলী আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের পক্ষে সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) পুলিশের উপপরিদর্শক রতন শেখ অভিযোগপত্র গ্রহণ করেন।
রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলার অভিযোগ পত্রের মতোই আসামিদের মধ্যে ২১ জনকে এ মামলাও পলাতক দেখানো হয়েছে। পলাতকরা সবাই বিডিআর সদস্য। বিডিআর নন এমন একজনকে এ মামলায় আসামি করা হয়েছে। তার নাম জাকির। তার কাছে গ্রেনেড পাওয়া গিয়েছিল বলে তিনি জানান।
তিনি জানান, হত্যা মামলায় প্রদত্ত অভিযোগপত্র থেকে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টূ ও আওয়ামীলীগ নেতা তোরাব আলীসহ বিডিআর নন এমন ২২ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে এবং হত্যা মামলা হতে অব্যাহতি পেয়েছে এমন ৬ জনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পলাতক ২১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আবেদন করেছেন বলেও তিনি জানান।
হত্যা মামলাায় অব্যাহতি পাওয়া কিন্তু বিষ্ফোরক মামলার এই অভিযোগপত্রে যে ৬ জনকে আসামি করা হয়েছে তারা হলেন, গাড়ি চালক মাসুদুর রহমান, সিপাহী আবদুর রউফ, সিপাহী চন্দন কুমার সিংহ, ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, ল্যান্স নায়েক আবদুল জলিলমল্লিক, সিপাহী বেগ ফরহাদ।
৮০৮ জন আসামির মধ্যে ৭৮৭ জন কারাগারে আটক আছে। ডিএডি তৌহিদ, ডিএডি হাবিব, ডিএডি লতিফ, ডিএডি জলিলকেও মামলার আসামি করা হয়েছে।
পিলখানা হত্যাকান্ডের এক বছর সাড়ে ৫ মাস পর বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় এ অভিযোগপত্র দেওয়া হল।
১ হাজার ৫ শ ২০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির আবেদন করা হয়েছে।
সাক্ষী করা হয়েছে ১ হাজার ২৮৭ জনকে। সাক্ষী করা হয়েছে ঘটনার শিকার পরিবারের সদস্যদের, বিডিআর সদস্য, সাংবাদিক, সাধারণ নাগরিক, অস্ত্র ও মোবাইল ফোনসেট বিশেষজ্ঞ, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, রেডক্রিসেন্ট সদস্য, র্যাব সদস্য, জব্দ তালিকার প্রস্তুুতকারী দলের সদস্য, ম্যাজিষ্ট্রেট, মন্ত্রী, সংসদ সদস্য ও তিনবাহিনীর প্রধানদের।
আর ১ হাজার ৩শ ২৪ টি বোমা সহ বিভিন্ন বস্তু আলামত হিসাবে দেখানো হয়েছে।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর জওয়ানরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। এই ঘটনায় প্রথমে লালবাগ থানায় এবং পরে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিডিআর নন এমন আছে ৩৬ জন। রিমান্ডে নেওয়া হয়েছে ২ হাজার ২ শত ৮২ জনকে। রিমান্ড শেষে প্রায় ৫৪৩ জন হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / পিবি/জিএনএ/২১৫৭ ঘ.
bdnews24