২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ২ মামলার গ্রহণযোগ্যতার শুনানি রোববার

পিলখানা হত্যার দুই মামলার গ্রহণযোগ্যতার শুনানি রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 04:49 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যার দুই মামলার গ্রহণযোগ্যতার শুনানি রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুরু হচ্ছে। মো. জহুরুল হকের আদালতে বেলা আড়াইটার দিকে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। গত বছরের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এ ঘটনায় প্রথমে লালবাগ থানায় মামলা হয়। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। এরপর গত ১২ জুলাই হত্যা এবং ২৭ জুলাই বিষ্ফোরক আইনে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। হত্যা মামলায় ৮২৪ এবং বিস্ফোরক মামলায় ৮০৮ জনকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দের পক্ষে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা দুটির অভিযোগপত্র ও নথি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়। পিলখানায় বিদ্রোহের পরদিন দেশের বিভিন্ন স্থানে বিডিআর জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিদ্রোহের বিচার হচ্ছে বিডিআর আইনে। ইতিমধ্যে বিদ্রোহের মামলায় ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার জোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি সুরাহার জন্যে সুপ্রিম কোর্টে পাঠায়। সেখানে ১০জন আইনজীবির মতামতের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/কেএমএস/১০৪৪ ঘ.