২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহে গ্রেপ্তার আরো ৪

বিদ্রোহে 'জড়িত' অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ রাইফেল ব্যাটালিয়নের আরো চার বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ রাইফেল ব্যাটালিয়নের আরো চার বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ২১ জওয়ানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নেওয়া হয়। আদালত নতুন করে চার বিডিআর জওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর পুলিশ ব্যাটালিয়ন সদর থেকে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরা হলেন- নায়েব সুবেদার মো. জামাল মিয়া, হাবিলদার পঞ্চানন দাস, সিপাহী মোশফেকুর রহমান ও সিপাহী মো. রুহুল আমিন শিকদার। আদালত রোববার সকাল সাড়ে ৯টায় অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করেন। বিদ্রোহের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিডিআর জওয়ানদের বিচার কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের ২১ জনের বিচার হচ্ছে। বিচারক প্যানেলের সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ খালেদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। মামলায় প্রসিকিউটরের দায়িত্বে রয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক শুক্রবার সাংবাদিকদের জানান, প্রথম পর্যায়ে ২১ জনের বিচার কার্যক্রম চলবে ৩০ ও ৩১ অক্টোবর। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সদর থানায় গত বছর ১৮ মে মামলাটি দায়ের করেন। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরের অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্র লুণ্ঠন, গুলি বর্ষণ ও পিলখানা বিডিআর সদরদপ্তরের বিডিআর বিদ্রোহে একাত্মতা ঘোষণা করেন এই ৩০ জওয়ান। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁও ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/কেএমএস/১৪০৮ ঘ.