যশোর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৬৪ জনের বিরুদ্ধে বিচার কাজ আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে বৃহস্পতিবার সকাল ১০টায় আসামিদের হাজির করা হয়। এরপর তাদেরকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো শুরু হয়। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে আদালত মুলতবি করা হয়।
২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার কাজ বুধবার শুরু হয়। সেদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর বৃহস্পতিবার তাদেরকে বিশেষ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়।
আদালতে সভাপতিত্ব করেন রাজশাহী বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। বিচারক প্যানেলে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মো. তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
আদালত শেষে প্রসিকিউটর ২২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিব আলম সাংবাদিকদের এসব কথা জানান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোরসহ বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কয়েকজন জওয়ান।
যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় এর আগে ওই বছরের ১৩ মে যশোর কোতয়ালি মডেল থানার ওসি আব্দুল কাদের বেগ বাদি হয়ে ৪২ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করে যশোর কারাগারে পাঠানো হয়। তদন্তে পরে আরো ২২ জনকে অভিযুক্ত করা হয়।
বিদ্রোহে জড়িতদের বিচারে গত বছরের নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। পরে আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিদ্রোহের মামলায় সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার চলছে।
ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানের সর্বোচ্চ সাত বছরের সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪০৫ ঘ.
bdnews24