যশোর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৬৪ জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ উত্থাপনের পর বৃহস্পতিবার তাদেরকে বিশেষ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।
২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার কাজ বুধবারই শুরু হয়েছে। এজন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়।
আসামিদের ৪২ জন বিদ্রোহের ঘটনায় দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ছিলেন। তদন্তে পরে আরো ২২ জনকে অভিযুক্ত করা হয়। তাদেরও গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকাল ১০টায় হাজির করার আদেশ দিয়েছে আদালত।
আদালতে সভাপতিত্ব করেন রাজশাহী বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। বিচারক প্যানেলে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মো. তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
আদালতের শুরুতে মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. শামসুল ইসলাম ৬৪ জনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উত্থাপন করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার সব আসামিকে হাজির করার আদেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করেন।
আদালত শেষে প্রসিকিউটর ২২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিব আলম সাংবাদিকদের এসব কথা জানান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোরসহ বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কয়েকজন জওয়ান।
যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় এর আগে ওই বছরের ১৩ মে যশোর কোতয়ালি মডেল থানার ওসি আব্দুল কাদের বেগ বাদি হয়ে ৪২ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করে যশোর কারাগারে পাঠানো হয়।
বিদ্রোহে জড়িতদের বিচারে গত বছরের নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। পরে আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিদ্রোহের মামলায় সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার চলছে।
ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানের সর্বোচ্চ সাত বছরের সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬২৫ ঘ.
bdnews24