ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বুধবার আরো পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে এবং তাদেরকে জেরাও করেছেন আসামিরা।
এদিন দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলার পর আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় দিনের মতো সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য বুধবার সকাল সোয়া ১০টার দিকে পিলখানার দরবার হলে স্থাপিত নবগঠিত বিশেষ আদালত-৯ এ কার্যক্রম শুরু হয়।
দুপুর দেড়টা পর্যন্ত মামলার দুই সাক্ষী মেজর ইশতিয়াক আহমেদ ও সুবেদার মেজর সহকারী মো. নুরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষে তাদেরকে জেরা করেন আসামিরা। এরপর আদালত আধা ঘণ্টার জন্য মুলতবি করা হয়।
পুনরায় আদালত বসার পর একে একে গৃহবধূ সুরভী আক্তার, তার স্বামী নায়েক সুবেদার সহকারী আব্দুল লতিফ ও বিডিআর হাসপাতালের স্টাফ নার্স হাসিনা বেগমের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।
এর আগে গত সোমবার এই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিনে বাদি নায়েক সুবেদার সহকারী মো. সোলায়মান পাটোয়ারী ও তৎকালীন বিডিআর কর্মকর্তা মেজর খালেদ আহম্মেদের সাক্ষ্য নেওয়ার এবং তাদেরকে জেরা করার পর আদালত বুধবার পর্যন্ত মুলতবি হয়।
বাদি সোলায়মান পাটোয়ারী পাঁচজনের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষী হিসাবে ও অপরদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিকে সাক্ষ্য দেন। এই পাঁচজনসহ আরো পাঁচ অভিযুক্ত তাকে জেরা করেন।
অভিযুক্ত একজন বাদিকে বলেন, "পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমি দরবার হল ত্যাগ করেছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে দরবার হল ত্যাগ করিনি। তাহলে আপনি আমার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কেন?"
জবাবে বাদি বলেন, "একসঙ্গে আপনাদের সবার বেরিয়ে যাওয়া প্রমাণ করে, এ বিষয়ে আপনারা আগে থেকেই জানতেন ও প্রস্তুতি ছিলো।"
একজন অভিযুক্ত বাদির প্রতি প্রশ্ন রাখেন- "আপনি বিনা অনুমতিতে দরবার হল ত্যাগ করার কারণে আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু আপনি কার অনুমতিতে দরবার হল ত্যাগ করেছিলেন?" তবে আদালত এটাকে অবান্তর প্রশ্ন বলে বাতিল করে দেয়।
সাইদুল হক নামে এক অভিযুক্ত নিজের ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে বলেন, "আমার পক্ষে কি বিদ্রোহ করা সম্ভব?"
সোলায়মানের এর পর সাক্ষ্য দেন মেজর খালেদ আহম্মেদ। তিনি মামলার তৃতীয় সাক্ষী হলেও হজ গমনেচ্ছু হওয়ার কারণে তার সাক্ষ্য আগে নেওয়া হয়। খালেদ ২৫ ফেব্র"য়ারি দরবার হল থেকে তার বের হওয়ার বিবরণ তুলে ধরেন।
আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাকে সহযোগিতা করছেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আছেন মোস্তফা জামান ইসলাম।
সোমবার সকালে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের আবেদন জানান। এরপরই হয় অভিযোগ গঠন। তবে আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে বিদ্রোহীদের সাথে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচনা, উস্কানিমূলক বক্তব্য রাখা, লিফলেট বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে কোনো ভুমিকা না রাখা ও অধীনস্থদের নিয়ন্ত্রণে ব্যর্থতা।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। একই সময়ে ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা করে কয়েকটি স্থানে বিডিআর সদস্যরা।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৫১৪ ঘ.
bdnews24