দিনাজপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে 'জড়িত' দিনাজপুরের ফুলবাড়ীর ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধ অভিযোগ উত্থাপন করা হয়েছে বুধবার।
এজন্য ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো আদালত বসে। মঙ্গলবার এই আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর আদালত আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এর আগে সকাল ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগার থেকে ২৩ আসামিকে ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়। আদালত শেষে তাদেরকে দিনাজপুর কারাগারে ফেরত পাঠানো হয়।
বিচারক প্যানেলের সভাপতি হিসেবে ছিলেন দিনাজপুর বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ্ আহমদ। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিরুল ইসলাম সিকদার।
তিনি ২৩ বিডিআর সদসস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করে বলেন, তারা ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি সম্মিলিতভাবে বিদ্রোহ করেন। এসময় তারা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য দেন। অধিনায়কের বাসভবন লক্ষ করে ৪৩৭ রাউন্ড গুলি চালান। অধিনায়ক ও উপ-অধিনায়ক জীবন বাঁচাতে ব্যাটালিয়ন ছেড়ে পালিয়ে যান।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ফুলবাড়ীসহ বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কয়েকজন জওয়ান।
বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। পরে আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিদ্রোহের মামলায় সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার চলছে।
ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানের সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৯ ঘ.
bdnews24