ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের শাস্তি কী, তা এক সপ্তাহ আগে এক জওয়ান জানতে চেয়েছিলেন বলে বিডিআর আদালতের এক প্রসিকিউটর জানিয়েছেন।
আদালতে জানানো এ তথ্য মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরে প্রসিকিউটর মেজর মোকাঈদ মো. আলী বলেন, এ প্রশ্নই প্রমাণ করে অভিযুক্ত বিদ্রোহের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্রোহ যে ঘটতে যাচ্ছে, তা তিনি আগে থেকেই জানতেন।
অভিযুক্ত খায়রুল ইসলাম বিডিআরের রক্ষণাবেক্ষণ ও নির্মাণ শাখার সিপাহী। সদর দপ্তর পরিদপ্তরসমূহ ও আরএসবির অন্য ৩৩৬ জনের সঙ্গে মঙ্গলবার পিলখানায় বিশেষ আদালত-১০ এ তার বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়।
তবে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন খায়রুল। অভিযুক্তকদের মধ্যে দুজন ছাড়া অন্য সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। এর মধ্যে বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় আলোচনায় অংশ নেওয়া একজনও রয়েছেন।
প্রসিকিউটর মেজর মোকাঈদ সাংবাদিকদের বলেন, "বিদ্রোহের সাতদিন আগে খায়রুল একজন মেজরের কাছে জানতে চান- 'স্যার, কেউ যদি বিদ্রোহ করে, শাস্তি কী হতে পারে?' অফিসার উত্তর দিলেন, 'মৃত্যুদণ্ড।' তখন সিপাহী খায়রুল বলেন, 'না স্যার, এটা ঠিক না। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।"
বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিদ্রোহের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে বর্ডার গার্ড আইন বর্তমানে প্রক্রিয়াধীন।
মেজর মোকাঈদ বলেন, "পরে এই খায়রুল ইসলাম বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেয়।"
আদালতে খায়রুলের মতোই নিজেকে নির্দোষ দাবি করেন সিগন্যালম্যান সিপাহী সালাউদ্দিন। বিডিআর সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি সেক্টর হেডকোয়ার্টার থেকে পিলখানায় আসেন তিনি।
পিলখানা থেকে যে ১৪ জনের প্রতিনিধি দল যমুনায় তাদের অন্যতম সালাউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি আদালতের কাছে একমিনিট বক্তব্য দেওয়ারও সুযোগ চান। কিন্তু নিয়ম নেই জানিয়ে আদালত তা নাকচ করে।
নিজেদের দোষ স্বীকার করেন হাবিলদার (ড্রাফটসম্যান) পরিতোষ চক্রবর্তী ও নায়েক আবুল কালাম আজাদ। আদালত তাদের হ্যান্ডকাফ খুলে সামনে বসানোর আদেশ দেন। অন্যদের উদ্দেশে আদালতপ্রধান কর্নেল খন্দকার ওবায়দুল আহসান বলেন, দোষ স্বীকার করলে আদালতের সময় বাঁচবে। তারা আদালতের অনুকম্পা পাওয়ার সুযোগও পাবেন।
আসামিদের মধ্যে সুবেদার মোজাফফর হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।
সদর দপ্তর পরিদপ্তরসমূহ ও আরএসবির ৩৩৭ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠনের পর শুনানি ২৬ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। সেদিন মামলার সাক্ষীদের হাজির করার জন্যে প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছে আদালত।
গত রোববার আদালতের প্রসিকিউটর মেজর মোকাঈদ আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিবরণ তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান।
এর আগে ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. খোরশেদ আলম।
পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২০২২ ঘ.
bdnews24