২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদ্রোহের বিচার শুরু বুধবার

বিদ্রোহের মামলায় অভিযুক্ত যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৪২ সদস্যের বিচার কাজ শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

যশোর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় অভিযুক্ত যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৪২ সদস্যের বিচার কাজ শুরু হচ্ছে বুধবার। সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তা মেজর আবু বাসিত। তিনি জানান, বিশেষ আদালতে সভাপতিত্ব করবেন রাজশাহী বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মো. তৌহিদুল ইসলাম। আদালতকে সহায়তা করবেন- অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও অ্যাডভোকেট সেলিম হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন ২২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিব আলম। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যশোরসহ বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের বেশ কয়েজন জওয়ান। যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ওই বছরের ১৩ মে যশোর কোতয়ালি মডেল থানার ওসি আব্দুল কাদের বেগ বাদি হয়ে ৪২ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করে যশোর কারাগারে পাঠানো হয়। বিদ্রোহে জড়িতদের বিচারে গত বছরের নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। পরে আদালতের সংখ্যা বাড়ানো হয়। বিদ্রোহের মামলায় সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার চলছে। ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুগাঁও, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটিসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন জওয়ানের সর্বোচ্চ সাত বছরের সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৪ ঘ.