ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বিডিআর সদর দপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেল স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত- ১০ এ মঙ্গলবার সকালে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর আসামিদের বক্তব্য জানতে চাইলে ৩৩৪জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তবে দুই আসামি হাবিলদার (ড্রাফটসম্যান) পরিতোষ চক্রবর্তী ও নায়েক আবুল কালাম আজাদ দোষ স্বীকার করেছেন।
এর আগেই আসামি নায়েব সুবেদার মোজাফফর হোসেন আদালতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী তারিখে তিনি বক্তব্য দেয়ার সুযোগ পাবেন।
তাদের বক্তব্য শোনার পর আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সেদিন মামলার সাক্ষীদের হাজির করার জন্যে প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছেন আাদলত।
কর্নেল খন্দকার ওবায়দুল আহসানের নেতৃত্বে এ আদালতে বিচারকের দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম ও মেজর এ এফ এম কাওসার। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো এজারুল হক আকন্দ।
আসামি বিডিআর সদস্যদের সকালেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত রোববার আদালতের প্রসিকিউটর মেজর মোকাইদ মোহাম্মাদ আলী আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিবরণ তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান।
এর আগে ৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন মামলার বাদি নায়েক সুবেদার সহকারী মো. খোরশেদ আলম।
পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট।
আসামিদের মধ্যে ২০২ জন আগেই নিউ মার্কেট থানায় দায়ের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পিলখানায় কর্মরত বাকি ১৩৫ জনকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কয়েকটি স্থানে বিডিআর সদস্যরা হাতে অস্ত্র তুলে নেয়।
বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কয়েকজন বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24