পঞ্চগড়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস'র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলামের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি নন্দ কিশোর সোমবার বিকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটাালিয়নের কর্মকর্তা মেজর একেএম হাসিবুল হোসেন নবী জানান, বিকাল সাড়ে ৪টা থেকে পাঁচটা পর্যন্ত সাক্ষাতে সীমান্তে শান্তিশৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এতে উভয়পক্ষ সীমান্তে অপ্রীতিকর ঘটনারোধে সতর্ক থাকার বিষয়ে একমত হয়।
এছাড়া সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়ও আলোচনায় স্থান পায় বলে তিনি জানান।
এ সময় রংপুর সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান, ২৫ রাইফেল ব্যাটাালিয়নের মেজর মাসুদুল ইসলামসহ বিডিআর ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিডিআর মহাপরিচালক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও ও জোদ্দারপাড়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।
ওই সময় তার সঙ্গে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ্ আহাম্মেদ ও ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24